নগরে দুই তরুণী ছিনতাইকারী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৮:৩৬:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে। শনিবার ও রোববার পৃথক অভিযানে নগরীর সোবহানীঘাট ও মেন্দিবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার রাতে এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট এলাকার চালিবন্দর কাষ্টঘর রোডের মুখে কুলসুমা আক্তার সয়দা (১৯) পায়ে হেঁটে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার মোবাইল ফোন ও স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থলেই তানিয়া (১৮) নামের এক ছিনতাইকারীকে আটক করেন এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এর প্রেক্ষিতে রোববার (৭ জুন) নগরীর বাদামবাগিচা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২নং আসামি ঝুমা আক্তার (১৮)-কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত তানিয়ার বাড়ি বিশ্বনাথ উপজেলার লামাকাজী গ্রামে। আর ঝুমা আক্তারের বর্তমান ঠিকানা এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকায়। তারা উভয়েই ভাসমান অবস্থায় বসবাস করছিলেন। ঘটনায় জড়িত অপর পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





