নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৬, ৮:৩৫:৫০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মদনপুর এলাকার মোস্তফা মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।
দগ্ধরা হলেন হযরত আলী (৮), মিম (১৩), সুলতানা (৩৫), আব্দুল মান্নান (৫০) ও সিয়াম (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রান্না ঘরের ভেতরে রাখা সিলিন্ডার থেকে কোনোভাবে গ্যাস লিকেজ হয়। সারারাত সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে ঘরে জমতে থাকে। সকালে সুলতানা রান্নার জন্য চুলা জ্বালাতেই গ্যাস বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, হাসপাতালে দগ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সুলতানার শরীরের ৯০ শতাংশ, মিমের ৪১ শতাংশ, হযরত আলীর ৮ শতাংশ, মান্নানের ৩০ শতাংশ এবং সিয়ামের শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিকেজের কারণে ঘরের ভেতরে গ্যাস জমে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।




