এইচএসসিতে সিলেট বোর্ডে অনুপস্থিত ১,৪৮১, বহিষ্কার ২
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৬, ১২:২১:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা সিলেট বোর্ডে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মোট ১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন এই তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট শিক্ষা বোর্ডের কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, শনিবার বোর্ডের ৯৬টি পরীক্ষা কেন্দ্রে মোট ৬১ হাজার ৪০০ পরীক্ষার্থীর মধ্যে ৫৯ হাজার ৯১৯ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৪৮১ জন।
এরমধ্যে সিলেট জেলার ৫১১ জন, হবিগঞ্জ জেলার ৩১৭ জন, মৌলভীবাজার জেলার ৩১০ জন ও সুনামগঞ্জ জেলার ৩৪৩ জন।
এদিকে অসদুপায় অবলম্বনের দায়ে সুনামগঞ্জ জেলায় ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষা বোর্ডের তথ্যমতে, সিলেট বিভাগের কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদনে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনার তথ্য পাওয়া যায়নি।





