পানি কমলেও মৌলভীবাজারে রয়ে গেছে বন্যার ক্ষত, অপ্রতুল ত্রাণ
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৬, ৭:১৫:৩৭ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজারের নদ-নদীর পানি কমতে শুরু করলেও বন্যার ক্ষত এখনো কাটেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। বিশেষ করে কুশিয়ারা নদীপাড়ের প্রায় ৩০টি গ্রামের বাসিন্দাদের অনেকেই এখনো ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলেছেন।
সাম্প্রতিক বন্যায় জেলার সদর, রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নের প্রায় ২৬ হাজার ৫৪৪ মানুষ এবং ৭ হাজার ৩০৮টি পরিবার পানিবন্দি হয়ে পড়ে। মনু, ধলাই ও জুড়ী নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেলেও কুশিয়ারা নদীর পানি ধীরগতিতে কমছে। রাজনগর ও সদর উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামে এখনো পানি প্রবাহিত হচ্ছে।
রাজনগরের সুনামপুর ও শাহাপুর গ্রামের বাসিন্দারা জানান, কুশিয়ারায় বন্যার পানি দীর্ঘ সময় ধরে থাকে। পানি উন্নয়ন বোর্ড নদী খনন, নদীতীরে বাঁধ নির্মাণ এবং খননকৃত মাটি নিচু এলাকায় ভরাট করলে স্থায়ীভাবে এ সমস্যার সমাধান হতে পারে। তারা বলেন, সামান্য ত্রাণ নয়, বন্যার স্থায়ী সমাধানই তাদের প্রধান দাবি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩টি আশ্রয়কেন্দ্র চালু করা হলেও স্থানীয়দের দাবি, মূলত নদীভাঙন কবলিত এলাকায় ত্রাণ পৌঁছেছে, কিন্তু কুশিয়ারা নদীপাড়ের অনেক ক্ষতিগ্রস্ত পরিবার এখনো ত্রাণসুবিধার বাইরে রয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, বন্যাদুর্গতদের মধ্যে ১ হাজার ৭৫০ বস্তা শুকনো খাবার এবং রাজনগরে ৪০ মেট্রিক টনসহ জেলায় মোট ১১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, রাজনগরের কুশিয়ারা নদীপাড়ের প্রায় ৩০টি গ্রাম এ ত্রাণ কার্যক্রমের আওতায় আসেনি।
এ বিষয়ে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিল অলীদ বলেন, কুশিয়ারা নদীতীরে বাঁধ নির্মাণ ও নদী খননের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব কাজ বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।





