বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৮:২৮:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বড়শালা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে। তবে বাস দুটির বড়ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে বাসে আগুন দেওয়ার চেষ্টার ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, জ্যাকেট ও হেলমেট পরা এক ব্যক্তি কাগজের মতো একটি বস্তুতে আগুন ধরিয়ে বাস দুটিতে আগুন দেওয়ার চেষ্টা করছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরাতে সক্ষম হলেও বড়ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। যদিও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, কারা এবং কী উদ্দেশ্যে বাস দুটিতে আগুন দেওয়ার চেষ্টা করেছে, তা এখনো স্পষ্ট নয়। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।





