অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৮:২৫:৫৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বন্দরবাজারে সিএনজিচালিত অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালী মডেল থানা-পুলিশ। ব্যাগে ছিল মুঠোফোন, স্বাক্ষর করা চেকবই, ডেবিট কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র।
এসএমপি সূত্র জানিয়েছে, গত ১৩ নভেম্বর নগরের বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেটের বিপরীতে অটোরিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত ব্যাগটি ফেলে যান ওই ব্যক্তি। পরে ব্যাগে থাকা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পান। এঘটনায় তিনি কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে ব্যাগ উদ্ধারে মাঠে নামে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার চৌধুরী সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অটোরিকশাটি শনাক্ত করেন। পরে জালালাবাদ থানা এলাকার চালক জুনেদ আহমদের (২২) সঙ্গে যোগাযোগ করা হয়।
পুলিশ জানায়, চালকের কাছ থেকে হারানো ব্যাগসহ স্যামসাং মুঠোফোন, স্বাক্ষরিত চেকবই, ডেবিট কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করা হয়। পরে সব মালামাল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন।





