জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা জামায়াতের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৬, ৯:৫১:২৯ অপরাহ্ন
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে
আবু সাঈদের রক্তের ঋণ শোধ করতে হবে : মাওলানা হাবিব

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে যা জাতির সাথে প্রতারণার শামিল।
তিনি বলেন, শহীদ আবু সাঈদ গুলির মুখে বুক পেতে দিয়ে প্রমাণ করেছে এদেশে কোন স্বৈরাচারের ঠাঁই হবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে কেউ জাতির সাথে গাদ্দারি করলে জনগণ তাদের সমুচিত জবাব দেবে। বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন কোন টালবাহানা না করে সংবিধান সংস্কার পরিষদ কার্যকর করে জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণ করতে হবে।
তিনি আরো বলেন, আগামীতে যাতে কোন ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে সে জন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে শহীদ আবু সাঈদের রক্তের ঋণ শোধ করতে হবে এবং জুলাই শহীদদের যথাযথ সম্মান প্রদর্শন ও তাদের পরিবারের সঠিক মূলায়ন করতে হবে। আহত ও পঙ্গু জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
মাওলানা হাবিবুর রহমান বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নগরীর বন্দরবাজারস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা মজলিশে শূরা সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা আমীর সাব্বির আহমদ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল কুদ্দুছ, মাওলানা নিজাম উদ্দিন খান, আব্দুল কাইয়ুম, হাকিম নাজিম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা সোলায়মান হোসেন, সেক্রেটারী বদরুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি





