জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৬, ৮:৫৫:০৪ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে নলজুর নদীর ওপর নির্মিত ৬০ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন আর্চ সেতুসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আর্চ সেতুর ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
পরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মিত জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন এবং ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নয়াবন্দর উচ্চ বিদ্যালয়ের ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। বিকেলে সংসদ সদস্য উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





