সিলেটে হামে মৃত্যু ১শ ছাড়ালো
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৬, ৯:৫২:৫০ অপরাহ্ন
আরও ১ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : সিলেটে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১০০ জনে। গত ২৪ ঘন্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণকারী ৯ মাস বয়সী শিশু আবু সাঈদ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত না হলেও এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮৫ জন।
রোববার (১৯ জুলাই) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মোঃ মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৫ জন। চলতি বছরের ১ জানুয়ারী থেকে ১৯ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে হামে ও উপসর্গে ১০০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকী ৯৯ জন শিশু। এরমধ্যে ৪ জনের হাম নিশ্চিত হলেও বাকীরা উপসর্গে মারা গেছেন।
মৃত্যুবরণকারীদের মধ্যে সর্বোচ্চ ৪৫ জন সুনামগঞ্জ জেলার, এরপর ৩৫ জন সিলেটের, মৌলভীবাজারের ১২ ও হবিগঞ্জের ৮ জন রয়েছেন।
এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত ৫৪৪ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৮৭ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ১৮০, হবিগঞ্জের ৫৫ ও মৌলভীবাজারের ২২ জন রয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তিকৃত সন্দেহজনক ২৮৫ জন রোগীর মধ্যে- সর্বোচ্চ ১১৪ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৬, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১৩, মাউন্ট এডোরা হাসপাতালে ৩, নর্থ ইস্ট হাসপাতালে ৭, সিলেট লায়ন্স হাসপাতালে ৪, বিশ^নাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন ভর্তি রয়েছেন।
চিকিৎসকদের মতে, হামের প্রকোপে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর শিকার হচ্ছে ১ থেকে ২ বছর বয়সী শিশুরা। এই বয়সীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা এবং অনেকের নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া এর অন্যতম কারণ হতে পারে। সময়মতো চিকিৎসা না পেলে নিউমোনিয়া, ডায়রিয়া বা তীব্র অপুষ্টির কারণে শিশুর মৃত্যু হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। যেসব এলাকায় টিকাদানের হার কম, সেখানে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আক্রান্ত শিশুদের পুষ্টিকর খাবার ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।





