সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৬, ৯:৫৪:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি। রোববার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি কর্তৃক সোনাতনপুঞ্জি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২৬ হাজার টাকা।
১৯ বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির দায়িত্বাধীন কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৮০ কেজি ভারতীয় জিরা এবং ৫০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪৬ হাজার টাকা।
এদিকে একইদিনে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপির টহল দল পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।দুই অভিযানে জব্দ হওয়া ভারতীয় চোরাচালানী মালামাল ও গরুর মোট বাজারমূল্য ৫৪ লাখ ২৬ হাজার টাকা।
এব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জুবায়ের আনোয়ার বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




