শাবিতে খাবারের মান নিয়ে কথা বলা শিক্ষার্থীর ওপর হামলা : ইনকিলাব মঞ্চের নিন্দা
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৬, ৯:২৪:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল ক্যান্টিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রভোস্টকে অভিযোগ জানানোর কারণে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল খন্দকারের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি শাখা। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
রোববার সংগঠনের দপ্তর সম্পাদক শুয়াইব আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, খাবার নিয়ে অভিযোগের জেরে ভুক্তভোগী শিক্ষার্থীকে ছাত্রদলের দুই কর্মী হাসিবুর রহমান ও তারেক রহমান মারধর করেন। একই সঙ্গে অভিযোগ উঠেছে যে, শাহপরান হলের প্রভোস্টের প্রত্যক্ষ মদদে ছাত্রদলের দুই কর্মীকে বিষয়টি দেখতে পাঠানো হয়। যার পরই এই হামলার ঘটনা ঘটে। সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলায় যে ঘটনা ঘটেছে, এটি কেবল একজন শিক্ষার্থীর উপর হামলা নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষার্থীদের ন্যায্য দাবি উত্থাপনের অধিকার ও বিশ^বিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের উপর আঘাত।
তারা এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতের দাবী জানিয়ে ৩ দফা দাবী পেশ করেন। দাবী গুলো হলো- ১. হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ২. শাহপরাণ হলের প্রভোস্টের ভুমিকা তদন্ত করে অপসারণ এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ৩. ভুক্তভোগী শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তারা হুশিয়ারী দিয়ে বলেন- এই ঘটনার বিচার যদি দীর্ঘসূত্রতা, প্রভাব কিংবা রাজনৈতিক পরিচয়ের আড়ালে প্রশ্নবিদ্ধ হয়, তবে তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে। ইনকিলাব মঞ্চ ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে।





