সিলেটে বাড়ছে ডেঙ্গুরোগী : শনাক্ত আরো ৫
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬, ৯:৩০:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে থামছেনা ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এসময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (২১ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ১ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসা নিচ্ছেন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ৯ জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও বরিশাল থেকে সিলেট বিভাগে এসে আরও ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিও বেড়েছে। তাই জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা, চোখের পেছনে ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।






