সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ : প্রধান অতিথি ডা. শফিক
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৬, ৪:৩৫:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : গণভোটের রায় বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আজ শনিবার (২৫ জুলাই) বেলা ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ। দেশব্যাপী ধারাবাহিক বিভাগীয় সমাবেশ কর্মসূচির সমাপনী আয়োজন হিসেবে এই সমাবেশকে ঘিরে সিলেট নগরী ও বিভাগের ৪টি জেলা-উপজেলায় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভাগের চার জেলা থেকে ও বিভিন্ন উপজেলা থেকে বাস, মাইক্রোবাস এবং অন্যান্য যানবাহনে করে লাখো নেতাকর্মী সমাবেশে যোগ দিতে প্রস্তুত রয়েছেন বলে ১১ দলীয় সূত্রে জানা গেছে।
আয়োজকরা জানিয়েছেন, সমাবেশ উপলক্ষে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মঞ্চ নির্মাণ, স্বেচ্ছাসেবক মোতায়েন, শৃঙ্খলা রক্ষা, অতিথিদের বসার ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা শেষ হয়েছে। সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে বলেও জানা গেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান। এছাড়া ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থাকবেন।
১১ দলীয় ঐক্যের সিলেট মহানগর সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়া থাকলেও আমরা আশাবাদী, আজকের সমাবেশে সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে।




