বিশ্বনাথে তিন অসহায় পরিবার পেলো নতুন ঘর
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৬, ৮:৩১:১৪ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার তিনটি অসহায় ও গৃহহীন পরিবার সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ-এর উদ্যোগে নতুন বসতঘর পেয়েছে।
সোমবার দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে শেল্টার প্রজেক্টের ৫০৯, ৫১০ ও ৫২০ নম্বর ঘরের উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুল হান্নান।
তিনি বলেন, মানবতার কল্যাণে সিডস অব সাদাকাহর এ উদ্যোগ অসহায় মানুষের জন্য নতুন আশ্রয় ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
এ সময় মুহাম্মদ আব্দুল আলী, ইঞ্জিনিয়ার সালেহ আহমদ, তাজুল ইসলাম, আক্কল আলী, হাবিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা তিনটি নবনির্মিত ঘর তিনটি অসহায় পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি






