জকিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৬, ৯:৩৮:৪৫ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতদের মারধরে আব্দুল মন্নান গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, রাত পৌনে ৩টার দিকে একদল ডাকাত বাড়ির কেচিগেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আরও দুটি দরজা ভেঙে তারা ঘরে ঢোকে। ডাকাত দলের প্রায় সাতজন সদস্য ঘরের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় আরও কয়েকজন বাইরে পাহারায় ছিলেন। আব্দুল মন্নান জানান, ঘরে ঢুকেই ডাকাতেরা তাঁকে ও পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের মারধর করে বাড়িতে তল্লাশি চালায়। একপর্যায়ে স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।
পরিবারের দাবি, ডাকাতেরা প্রায় পাঁচ ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন, একটি হার, দুটি আংটি ও নগদ এক লাখ টাকা লুট করেছে। সব মিলিয়ে লুট হওয়া মালামালের মূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পরিবার। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।





