সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৬, ৯:৩৯:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন এলাকার বাংলাবাজার, সোনালীচেলা, প্রতাপপুর, বিছনাকান্দি, সোনারহাট, শ্রীপুর ও সংগ্রাম সীমান্তে এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি ও চা পাতাসহ বিভিন্ন চোরাইপণ্য এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী একাধিক বারকী নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় এধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে বলেই বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।





