ডেঙ্গুমুক্ত কুলাউড়া গড়তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ডিসি
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ৯:১৯:৫৭ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি ঃ ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সপ্তাহের প্রতি শনিবার নিজ নিজ প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু মশার বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ কার্যক্রম সফল করতে সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণিপেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, এমপির রাজনৈতিক সচিব-১ এসএম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন প্রমুখ।




