মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ৯:০৮:৫১ অপরাহ্ন
ভারত প্রতিনিধিঃ গত ২ দিনে ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্তমানে ১৮০ জনের ও বেশি মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রান্তদের অধিকাংশই চান্দেল জেলার চাকপিকারং মহকুমা এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, এই বিষাক্ত মদটি পার্শ্ববর্তী কাকচিং জেলার সুগনু এলাকা থেকে আনা হয়েছিল।
মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং শুক্রবার (২০ নভেম্বর ) ইম্ফলের হাসপাতালগুলোতে অসুস্থদের দেখতে যান। সরকারি তথ্য অনুযায়ী, ইম্ফলের শিজা হাসপাতালে ১৪০ জনের বেশি এবং বাবিন হাসপাতালে ৪১ জনের বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন। অনেকের অবস্থাই আশংকাজনক, যা মিথানল বিষক্রিয়ার লক্ষণ বলে চিকিৎসকরা ধারণা করছেন। ঘটনার পর চান্দেল জেলা প্রশাসন ও পুলিশ জনসাধারণের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। স্থানীয়ভাবে তৈরি বা সন্দেহজনক উৎস থেকে কোনো ধরণের মদ পান না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, এই অবৈধ মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।




