শান্তিগঞ্জে পঞ্চম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ৯:০২:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি ঃ শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের অর্থায়নে পঞ্চম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতগাঁও জীবদ্বারা উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ২৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, শান্তিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান, সাতগাঁও জীবদ্বারা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা এনামুল হক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহিন আহমেদ, ইউপি সদস্য মাহবুবুর রহমান, রাসেল আহমেদ, সাজু মিয়াসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরীক্ষা নিয়ন্ত্রক ও সাতগাঁও জীবদ্বারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে শিমুলবাঁক ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন বলেন, একটি ইউনিয়নের আসল উন্নয়ন রাস্তা-ঘাট দিয়ে হয় না, হয় শিক্ষা দিয়ে। আজকের এই শিশুরাই আগামী দিনে শিমুলবাঁকের ভবিষ্যৎ। তাই ইউনিয়ন পরিষদ শুধু ভাতা বা সনদ দেওয়ার জায়গা নয়, শিক্ষার বাতিঘর হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, বৃত্তি পাওয়া বড় কথা নয়, ভালো মানুষ হওয়াই বড় কথা। আমরা চাই আমাদের ছেলে-মেয়েরা মন দিয়ে পড়ালেখা করুক, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করুক। এই বৃত্তি পরীক্ষা প্রতি বছর ইউনিয়ন পরিষদের অর্থায়নে চলবে। আগামীতে মেধাবী শিক্ষার্থীদের জন্য আরও বড় পুরস্কারের ব্যবস্থা করা হবে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ ধরনের বৃত্তি পরীক্ষা সত্যিই ব্যতিক্রমী উদ্যোগ। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে এবং তারা পড়ালেখায় আরও আগ্রহী হবে। আমি ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানাই।




