জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৮:৪৫:১৮ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর এলাকার মাদ্রাসা পয়েন্ট ও ভবের বাজারের মধ্যবর্তী জগন্নাথপুর-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুদ্দিন সাদ্দাম জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শামসুদ্দিন সাদ্দাম মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে জগন্নাথপুর সদরের উদ্দেশে রওনা হন। তিনি মোটরসাইকেলের পেছনের আসনে বসা ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামসুদ্দিন সাদ্দামের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলচালকসহ আরও দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামসুদ্দিন সাদ্দামকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান শুক্রবার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।




