জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন : ১২ লিস্টার মেশিন ধ্বংস
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৮:৩১:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। চার ঘণ্টাব্যাপী অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ট্রাক বিকল করার পাশাপাশি বালু উত্তোলনের পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লাখেরপাড় (আসামপাড়া), পূর্ব লাখেরপাড় ও জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় এলাকাবাসীকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।
এদিকে, জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, জাফলংয়ের পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।





