চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৮:৫৭:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর চালিবন্দরে পার্কিং করে রাখা বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ছড়ারপাড় এলাকার সুগন্ধা-৬২ নম্বর বাসার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. মাছুম আহমেদ (৪২) এবং বউবাজারের হেলাল মিয়ার কলোনির সুগন্ধা-২৩/৫ নম্বর বাসার মৃত খুরশিদ উদ্দিন আহমদের ছেলে নাসিমুর রহমান নাসিম (৪৪)।
এসএমপি সূত্র জানিয়েছে, গত বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌণে ৪টার দিকে নগরীর চালিবন্দর এলাকার কয়েদী মাঠের পূর্ব পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় পাশে থাকা আরও একটি বাসেও অগ্নিসংযোগ করা হয়। এতে তিনটি বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং অপর বাসটি আংশিক পুড়ে যায়। এঘটনায় গত ১৯ নভেম্বর কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলার এজাহার দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বাসগুলোতে আগুন দেয়ার কথা বিষয়টি উল্লেখ করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের সক্রিয় নেতা। মামলার তদন্তে অগ্নিসংযোগ ও নাশকতায় তাঁদের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া নাসিমুর রহমান নাসিমের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডে একটি মামলা রয়েছে। গ্রেফতারের পর আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





