শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৮:৫৫:৩৯ অপরাহ্ন
নগরে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে
সহযোগিতা বাড়ানোর তাগিদ

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন ও জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়- সাম্প্রতিক সময়ে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এলক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সচেতন থেকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
এছাড়া নগরীর ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন, ট্রাফিক আইন যথাযথ ও কার্যকরভাবে প্রয়োগ এবং জনসাধারণের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এসময় পুলিশ প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা ও কার্যকর যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।





