পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেইটে আগুন : সিসিটিভি অচল থাকায় জটিলতা
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৮:৩৫:৫২ অপরাহ্ন
সিসিটিভি অচল থাকায় জটিলতা

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির প্রধান গেইটের ভেতরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন ধরে অচল থাকায় তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। বিকল্প হিসেবে আশপাশের বাসাবাড়ি ও অন্য গলির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দাড়িয়াপাড়া এলাকার একটি গলির ভেতরে তিন থেকে চারটি বাসা রয়েছে। এর মধ্যে একটি বাসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা গলির প্রধান ফটকের ভেতরে পলিথিনজাতীয় কোনো বস্তুতে আগুন ধরিয়ে দেয়। যদিও পেট্রোল বোমা সদৃশ বস্তু দিয়ে আগন দেয়া হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয় কেউ কেউ। তবে এটি অস্বীকার করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে একদল দুর্বৃত্ত প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে অগ্নিসংযোগ করা হয়। এসময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। হামলার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির মূল ফটকের ভেতরে আগুন দেয়। এটি পেট্রলবোমা নয়; পলিথিনসদৃশ কোনো বস্তু পোড়ানো হয়েছে। প্রতিমন্ত্রীর বাসার গেইট এলাকার সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন ধরে অচল থাকায় সেখান থেকে ঘটনার কোনো ফুটেজ পাওয়া যায়নি। তবে আশপাশের বিভিন্ন বাসাবাড়ি ও সংলগ্ন গলিতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিকল্প উপায়ে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে অগ্নিকাণ্ডের কোনো খবর তাঁদের কাছে আসেনি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেটে অবস্থানরত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি শহীদুল ইসলাম সাজু। এছাড়া জেলা ও মহানগর বিএনপি অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসা পরিদর্শন করেন।





