সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৬, ৮:৩৭:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে হামের প্রকোপে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ জনে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৯৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০৮ জন সন্দেহজনক রোগী।
রোববার (২৪ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ৯৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩০৮ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৫ জন, রাজীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৯ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫ জনে। এর মধ্যে সিলেটে ৩৪৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হবিগঞ্জে নতুন করে ২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী সাড়ে ১০ মাস বয়সী শিশু সাকিব হবিগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা।
সবশেষ হিসাবে, চলতি বছরে হাম ও উপসর্গে মারা যাওয়া ১৪৪ জনের মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩৪ জন।
জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সিলেটে ৫৫ জন, হবিগঞ্জে ১৯ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যায় এখনো সুনামগঞ্জ শীর্ষে রয়েছে।
একদিনের ব্যবধানে বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক রোগীর সংখ্যা কিছুটা কমলেও নতুন রোগী ভর্তি এবং মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। ফলে সিলেট বিভাগে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





