সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৬, ৯:২৯:১১ অপরাহ্ন
মৃত বেড়ে ১৪৫

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে হামের প্রকোপে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৭১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৭ জন সন্দেহজনক রোগী।
মঙ্গলবার (২৫ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ৭১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, রাজীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ৪ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৭ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জন, রাজীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১৫ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৮ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩১ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৯ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫ জন। এর মধ্যে সিলেটে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৫ জন, হবিগঞ্জে ৩ জন এবং সুনামগঞ্জে ২ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ১০ মাস বয়সী শিশু সাইদুল ইসলাম সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।
সবশেষ হিসাবে, বিভাগে চলতি বছরে হাম ও উপসর্গে মারা যাওয়া ১৪৫ জনের মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের। আর সন্দেহজনক হাম বা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩৫ জন।
জেলাভিত্তিক হিসাবে এখন পর্যন্ত সিলেটে ৫৬ জন, হবিগঞ্জে ১৯ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যায় এখনো সুনামগঞ্জ শীর্ষে রয়েছে।
একদিনের ব্যবধানে বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি নতুন রোগী ভর্তি ও মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে। ফলে সিলেট বিভাগে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে।





