অবর্ণনীয় লোডশেডিংয়ে ঘরে-বাইরে হাঁসফাঁস
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৬, ১:২৮:৩৪ অপরাহ্ন
গ্রামাঞ্চলে ভয়াবহ পরিস্থিতি

এমজেএইচ জামিল : বাইরে তীব্র গরম, ঘরে-বাইরে হাঁসফাঁস অবস্থা। এর মধ্যে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে। শহরে কিছুক্ষণ পরপর বিদ্যুতের দেখা মিললেও গ্রামাঞ্চলে যেন বিদ্যুৎ আসাটাই এখন ‘ঘটনা’। দিনে-রাতে গড়ে ছয় ঘণ্টাও বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শিশু, বয়স্ক ও অসুস্থদের কষ্ট বেড়েছে কয়েকগুণ।
একই সঙ্গে স্থবির হয়ে পড়ছে অফিস-আদালতের কার্যক্রম, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম এবং মন্দাভাব দেখা দিয়েছে ব্যবসা-বাণিজ্যে। বিদ্যুৎ বিভাগের হিসাবে সিলেট বিভাগে লোডশেডিং প্রায় ২৪ শতাংশ হলেও বাস্তবে অনেক এলাকায় এর মাত্রা আরও বেশি বলে অভিযোগ গ্রাহকদের।
তীব্র গরমের সঙ্গে বিদ্যুৎ সংকট যোগ হওয়ায় সিলেটজুড়ে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে রাতের লোডশেডিংয়ে বিপাকে পড়ছেন মানুষ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘুম ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গরমে অতিরিক্ত ঘেমে শিশু ও বয়স্কদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বিদ্যুৎনির্ভর ব্যবসা ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট মহানগর ও বিভিন্ন জেলা শহর এলাকায় তুলনামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ কিছুটা স্বাভাবিক থাকলেও গ্রামাঞ্চলের চিত্র ভয়াবহ। স্থানীয়দের ভাষায়, সেখানে ‘বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে’। অনেক এলাকায় দিনে-রাতে গড়ে ছয় ঘণ্টাও বিদ্যুৎ মিলছে না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানির পাম্প, সেচ, ফ্রিজ, ফ্যানসহ নিত্যপ্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রামীণ মানুষ।
সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকায়ও লোডশেডিং নিয়ে গ্রাহকদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। এসব এলাকায় গড়ে ৪০ শতাংশ বিদ্যুৎও মিলছে না। হবিগঞ্জের কলকারখানা এলাকায় তুলনামূলকভাবে লোডশেডিং কম হলেও জেলার গ্রামীণ জনপদে পরিস্থিতি ভয়াবহ বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিদ্যুৎ সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়েছে। কিন্তু সেই অনুপাতে উৎপাদন বাড়েনি। ফলে জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় সিলেটে লোডশেডিং বেড়েছে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা ছিল ২৬৪ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ পাওয়া গেছে ২০৩ মেগাওয়াট। ফলে ঘাটতি রয়েছে ৬১ মেগাওয়াট। এ হিসাবে লোডশেডিংয়ের পরিমাণ প্রায় ২৪ শতাংশ।
তবে বিদ্যুৎ বিভাগের এ হিসাবের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার বড় ধরনের পার্থক্য রয়েছে বলে অভিযোগ গ্রাহকদের। তাদের দাবি, সরকারি হিসাবে যে পরিমাণ লোডশেডিং দেখানো হচ্ছে, বাস্তবে অনেক এলাকায় তার চেয়ে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না।
লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যান, ব্যাটারিচালিত লাইটসহ বিভিন্ন বিকল্প বৈদ্যুতিক ডিভাইসের ব্যবহারও বেড়েছে। এতে এসব পণ্যের চাহিদা বাড়ার পাশাপাশি পরিবারের অতিরিক্ত খরচও বাড়ছে।
এদিকে বিদ্যুতের ওপর নির্ভরশীল ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোও পড়েছে বিপাকে। বিদ্যুৎ না থাকায় দোকানপাট, ওয়ার্কশপ, কম্পিউটার ও অনলাইনভিত্তিক ব্যবসা, ক্ষুদ্র শিল্প এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
অফিস-আদালতেও বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়ছে। কম্পিউটার ও ইন্টারনেটনির্ভর কাজ ব্যাহত হওয়ায় স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনাও বিঘ্নিত হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ, বিদ্যুতের দাম বাড়লেও সরবরাহ ব্যবস্থার উন্নতি হয়নি। বরং তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ক্ষোভ ও সমালোচনা বাড়ছে।
অনেকের প্রশ্ন, চাহিদা বাড়বে-এটি জানা থাকার পরও কেন আগেভাগে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা জোরদার করা হলো না? দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবেই প্রতিবছর গরমের মৌসুমে একই ধরনের সংকট তৈরি হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেকে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিভাগের প্রধান প্রকৌশলী ইমাম হোসাইন বলেন, গরম বাড়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। কিন্তু চাহিদার তুলনায় উৎপাদন বাড়েনি। ফলে সরবরাহ কম থাকায় ঘাটতি দেখা দিয়েছে এবং লোডশেডিং করতে হচ্ছে। আপাতত এ অবস্থার উন্নতির সম্ভাবনা নেই। জাতীয়ভাবে বিদ্যুতের উৎপাদন না বাড়লে সিলেটে লোডশেডিং কমার সম্ভাবনাও নেই।





