সিলেটে হামের হটস্পট আগস্টেই ৪১ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না সিলেটে হামের প্রকোপ। একদিন মৃত্যুহীন থাকার পর গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ফের দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪৮ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৯ জন সন্দেহজনক হাম রোগী। ফলে মৃত্যু ও হাসপাতালে ভর্তির এই ধারাবাহিকতায় সিলেটে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটে হামের প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ টিকা ক্যাম্পেইন চালিয়েও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং ক্যাম্পেইনের পরের মাসগুলোতে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চলতি বছরের ৬ এপ্রিল সিলেটে হামে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর এপ্রিল মাসে ১৫, মে মাসে ৪৬, জুনে ২২, জুলাইয়ে ৩০ এবং আগস্টে ৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যাও দ্রুত বেড়েছে। এপ্রিলের ১০৭ জন থেকে আগস্টে নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১ জনে। অর্থাৎ মাত্র পাঁচ মাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১০ গুণ।
স্বাস্থ্য বিভাগের মাসভিত্তিক হিসাবে, এপ্রিল শেষে নিশ্চিত হাম রোগী ছিল ১০৭ জন। মে মাস শেষে তা দাঁড়ায় ১৬৫ জনে, জুনে ৩৮৬, জুলাইয়ে ৬৪৯ এবং আগস্ট শেষে ১ হাজার ৩১ জনে পৌঁছে। অর্থাৎ এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা থামেনি; বরং জুনের পর তা আরও দ্রুত হয়েছে। আগস্টে এক মাসেই নতুন করে ৩৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আগস্টের শেষে মোট শনাক্ত ১ হাজার ৩১ জনে পৌঁছানোর অর্থ, বছরের প্রথম আট মাসের প্রায় ৩৭ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন শুধু এই এক মাসে।
মৃত্যুর পরিসংখ্যানও পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে। ৬ এপ্রিল প্রথম মৃত্যুর পর এপ্রিলে ১৫, মে মাসে ৪৬, জুনে ২২, জুলাইয়ে ৩০ এবং আগস্টে ৪১ জন মারা গেছেন। অর্থাৎ এপ্রিল থেকে আগস্ট- মাত্র পাঁচ মাসে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। আগস্টের ৪১ মৃত্যু জানুয়ারি-আগস্টের মোট মৃত্যুর প্রায় ২৭ শতাংশ।
মাসব্যাপী টিকা ক্যাম্পেইন, তবু কমেনি হাম:
হাম নিয়ন্ত্রণে ২১ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত সিলেট বিভাগে মাসব্যাপী বিশেষ টিকা ক্যাম্পেইন পরিচালনা করা হয়। শিশুদের টিকার আওতা বাড়িয়ে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আনার লক্ষ্য ছিল এ উদ্যোগের। স্বাস্থ্য সংশ্লিষ্টরা তখন ক্যাম্পেইনের পর এক মাসের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার প্রত্যাশা করেছিলেন। কিন্তু বাস্তব চিত্র হয়েছে উল্টো। ক্যাম্পেইনের পর জুন, জুলাই ও আগস্টে হাম শনাক্তের সংখ্যা দ্রুত বেড়েছে; মৃত্যুও থামেনি।
হামের প্রকোপ নিয়ন্ত্রণে না আসার পেছনে শিশুদের টিকাদানে অনীহাকে বড় কারণ হিসেবে দেখছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের শত প্রচেষ্টা সত্ত্বেও সিলেটে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বরং হামে মৃত্যু ও আক্রান্ত ক্রমশ বাড়ছে। এর মূল কারণ ভ্যাকসিন না নেওয়া। এখনো অনেক অভিভাবক শিশুদের হামের ভ্যাকসিন নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এমনকি সিসিকের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়েও ভ্যাকসিন দিতে পারছেন না।
তিনি আরও বলেন, হাম আক্রান্ত শিশুদের অধিকাংশই ভ্যাকসিন নেয়নি। এ অবস্থা চলতে থাকলে হাম আরও বাড়বে। হামের প্রকোপ বৃদ্ধির কারণে শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য ঝুঁকি আরও বাড়ছে।
সেপ্টেম্বরের শুরুতেই ফের দুই শিশুর মৃত্যু:
একদিন মৃত্যুহীন থাকার পর সেপ্টেম্বরের প্রথম দিনেই ফের হামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়। মৃতদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ৫ মাস বয়সী শিশু আয়ান সিলেট সদর উপজেলার এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া ১ বছর ২ মাস বয়সী শিশু ইব্রাহিম হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
একই সময়ে নতুন করে ১৪৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৯ জন সন্দেহজনক হাম রোগী। অর্থাৎ একদিনেই গড়ে প্রতি ১০ মিনিটে একজনের বেশি সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও এত বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে ভর্তি এবং দুই শিশুর মৃত্যুতে সেপ্টেম্বরের শুরুতেই পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাবে, ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩১ জন। এর মধ্যে সিলেটে ৩৬৬, সুনামগঞ্জে ৩৫৭, মৌলভীবাজারে ১৫৮ এবং হবিগঞ্জে ১৫৩ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুর হিসাবে সিলেটে ৬১, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ২১ এবং মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন। মোট ১৫৪ মৃত্যুর মধ্যে নিশ্চিত হাম রোগে ১০ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৪৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, একদিন মৃত্যুহীন থাকার পর ফের দুই শিশুর মৃত্যু এবং প্রতিদিন বিপুলসংখ্যক সন্দেহজনক রোগীর হাসপাতালে ভর্তি হওয়া উদ্বেগজনক। টিকাদানের আওতা বাড়ানোর পাশাপাশি টিকা না নেওয়া শিশুদের শনাক্ত করে দ্রুত টিকার আওতায় আনা, অভিভাবকদের সচেতন করা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। আগস্টে সংক্রমণ ও মৃত্যুর যে ভয়াবহ চিত্র দেখা গেছে, সেপ্টেম্বরের শুরুতেই নতুন মৃত্যুর ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।





