বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০১:৫৮ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষক, শিক্ষার্থী, গ্রুপ ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুরের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক ফয়সল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন করতে হলে সর্বাগ্রে শিক্ষার উন্নয়ন করতে হবে। এ কারণে বর্তমান সরকার শিক্ষা খাতে অতীতের যেকোনো সরকারের চেয়ে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে। শিক্ষা ক্ষেত্রে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সবুর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহিদা আক্তার, এম. মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসুক উদ্দিন, মাধ্যমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব এবং পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন প্রমুখ।






