মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৫:৩৬ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে পুলিশের অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ১৬ লাখ ৭২ হাজার ৬৫০ টাকা মূল্যের ভারতীয় তৈরি ফুচকা ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল। সোমবার জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, রোববার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর চত্বর এলাকায় অভিযান চালানো হয়। এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির দল একটি ট্রাক আটক করে। পরে ট্রাকে থাকা ভারতীয় তৈরি ফুচকার চালান জব্দ করা হয় এবং চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. আমিনুর রহমান (৪০), মো. সাগর হোসেন (২৪) ও মো. রুবেল মিয়া (২৮)। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।






