ডেঙ্গুতে সিলেটে ৩য় মৃত্যু : আক্রান্ত ৩০০ ছাড়ালো
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪০:৪৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ডেঙ্গুতে ৩য় মৃত্যু দেখলো সিলেট। সংক্রমণের সঙ্গে সিলেটে ক্রমশই বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০১ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬০ বছর বয়সী ছলিমা বেগম মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা। তিনি জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৯ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ৪ জন রয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ৫, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতাল ২, সিলেট উইমেন্স মেডিকেল হাসপাতালে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৬, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ ও মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৩০১ জনের। এর মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ১০১ ও মৌলভীবাজারে ২৯ জন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেওয়া ১১ জন রয়েছেন।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) ডেঙ্গুতে মারা যান। এর আগে ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত ছিলেন ২৯২ জন এবং মৃতের সংখ্যা ছিল ২ জন।






