প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:১০:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে সিলেটে মেহেদী আহমেদ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর নোয়াগাঁও সাদিপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলছে, মেহেদী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী। তার বিরুদ্ধে মিছিলসহ একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেহেদী দীর্ঘদিন ধরে ফেসবুকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর ভাষায় বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে পুলিশ। পরে তাকে আটক করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির চৌধুরী বলেন, আটক মেহেদীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। নগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের মিছিলে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির বিষয়টিও পুলিশের নজরে এসেছে। এ বিষয়ে সে স্বীকারোক্তি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে এঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






