বিয়ানীবাজারে এমপি এমরানের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৬:০০ অপরাহ্ন

সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘মানুষ মানুষের জন্য’Ñএর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাজ্যপ্রবাসী, কমিউনিটি নেতা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি মঞ্জুরুস সামাদ চৌধুরী। তাঁর বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের অর্থায়নে বিয়ানীবাজার উপজেলার অসহায় মানুষের জন্য ইতোমধ্যে প্রায় অর্ধশত ঘর নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, মঞ্জুরুস সামাদ চৌধুরীর মতো মানুষের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের সবারই সামাজিক উন্নয়ন ও মানবিক কাজে এগিয়ে আসা প্রয়োজন। এর মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব।
মঙ্গলবার বিকেলে ‘মুহিবুছ সামাদ ও কামরুন্নেছা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর অর্থায়নে নির্মিত একটি ঘরের চাবি উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সিলেট মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক রায়হান এইচ খান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক সিনিয়র সহসভাপতি শামিম আহমদ এবং মহানগর জাসাস নেতা সি এম আব্দুল্লাহ আরিফসহ অন্যরা।
এদিকে, মঙ্গলবার দিনভর এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ উদ্বোধন ও পরিদর্শন করেন। এ সময় তিনি হেতিমখানি জামে মসজিদ ও আশপাশের সড়ক, কাদিমলিক-কলাপাড়া, দিঘীরপার, খাসা-কাদিমলিক, কনকলস সিএন্ডবি-মেঘার খাল, করগ্রাম সিএন্ডবি সড়ক পরিদর্শন করেন।
এ ছাড়া রায়খাইলের স্কুল ভবন ও নদীভাঙন এলাকা পরিদর্শন, রায়খাইল গ্রামে মঞ্জুরুস সামাদ চৌধুরীর ট্রাস্টের পক্ষ থেকে নির্মাণাধীন ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন, উজানটাকি সুরমা ডাইক ও সিএন্ডবি পর্যন্ত সড়ক, রামধা ত্রিমুহনী থেকে সুরমা নদী পর্যন্ত ড্রেন, নিজ মোহাম্মদপুর, উত্তর চন্দগ্রাম, চন্দগ্রাম মোকাম-বায়তুর রাহাহ জামে মসজিদ ও চন্দগ্রাম পূর্ব সড়ক পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি





