শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে বলীয়ান হতে হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৬:৩২ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার সকাল ১১টায় সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও সুন্দর ও উন্নত হবে। তবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা সবার দায়িত্ব। একই সঙ্গে যুবসমাজকে মাদকসহ সব ধরনের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোযোগী করার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা ও জনবল সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, একটি প্রাচীনতম বিদ্যালয়ের এমন করুণ অবস্থা হয়তো বাংলাদেশের আর কোনো সরকারি উচ্চ বিদ্যালয়ে নেই। ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবিগুলো শুনে মনে হচ্ছে, যেন আটলান্টিক মহাসাগরে পড়ে আছি। আগামী এক মাসের মধ্যে শিক্ষকস্বল্পতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এডিপির বরাদ্দ থেকে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ ও খেলাধুলার সামগ্রী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি এবং গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। পরে বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সামছুল আরেফিন খান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, কানাইঘাট সার্কেলের এএসপি মো. নুমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।






