ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৪:৪১ অপরাহ্ন
সিলেটে বিক্ষোভ মিছিলে যুবদল সভাপতি মুন্না
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে বিভিন্ন অপতৎপরতা চলছে বলে দাবি করে তিনি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শুক্রবার বিকেলে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোনায়েম মুন্না বলেন, জুলাই-আগস্টের আন্দোলন এবং দীর্ঘ ১৭ বছরের শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। পাশাপাশি সিলেটের কৃতী সন্তান এম. ইলিয়াস আলীসহ রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুনের বিষয়েও বিচার দাবি করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। বক্তব্য দেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ এবং জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ।
সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খাঁন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলের রাব্বী আহসান।
সভাপতির বক্তব্যে আব্দুল আহাদ খান জামাল বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সিলেটের রাজপথে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যেভাবে ঐক্যবদ্ধ ছিল, এখন দেশ গঠনে তারেক রহমানের সরকারের কার্যক্রমকে এগিয়ে নিতে একইভাবে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশ শেষে আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি





