নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৩:৪৮ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’Ñএই চিরচেনা পংক্তিকে ধারণ করে নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে আবৃত্তি চর্চার কার্যক্রম শুরু করেছে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নজরুল চর্চা ছড়িয়ে দিতে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর কুমারপাড়া রোডস্থ ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে তৃতীয় পর্যায়ের শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্লে থেকে প্রথম শ্রেণি পর্যন্ত ‘ক’, দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি ‘খ’ এবং চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রিন্সিপাল ফাতেমা পারভীন মালার উপস্থিতিতে মুক্তাক্ষরের পরিচালক ও আবৃত্তি প্রশিক্ষক বিমল কর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
‘ক’ বিভাগে প্রথম হয় রাইসা তাসিন, দ্বিতীয় ফাতেমা জারিন এবং তৃতীয় রোদেলা জান্নাত অর্পা। ‘খ’ বিভাগে প্রথম জোয়াইরিয়া জোয়েল জাইফা, দ্বিতীয় শাহরিয়ার সাবির ও তৃতীয় আল রাঔয়ান আদন। ‘গ’ বিভাগে প্রথম হামজা খান হাফসি, দ্বিতীয় আফিয়া ইবনাত এবং তৃতীয় উম্মে আয়েশা।
এর আগে গত ২২ সেপ্টেম্বর সুনামগঞ্জের ছাতক উপজেলার মন্ডলীভোগ রোডস্থ স্কুল ওয়াই-তে এ কার্যক্রমের উদ্বোধন হয়। সেখানে দুটি বিভাগে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগে প্রথম বিন্দাশ্রী কর আদ্রি, দ্বিতীয় অনন্যা চক্রবর্তী ও তৃতীয় সৈয়দা নাদিবা রহমান দোয়া এবং ‘খ’ বিভাগে প্রথম তিয়ানা দে, দ্বিতীয় জেবিয়া জান্নাত ও তৃতীয় মৃত্তিকা পোদ্দার নির্বাচিত হয়।
একই দিন দুপুর ১টায় ছাতক পৌর প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ বাগবাড়িতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম হয় সাইফুল ইসলাম, দ্বিতীয় মো. আমান উল্লা এবং তৃতীয় দিন বেগম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন মুক্তাক্ষরের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কবিতা আবৃত্তিতে উৎসাহিত করবে। তিনি বিদ্যালয়ে উচ্চারণ ও হাতের লেখার প্রশিক্ষণ কর্মশালা আয়োজনেরও দাবি জানান। অনুষ্ঠান শেষে মুক্তাক্ষরের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের টিফিনের ব্যবস্থা করা হয়। বিজ্ঞপ্তি





