কেমুসাসে আলোচনা সভা : রাসুলুল্লাহ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫১:৫৮ অপরাহ্ন

সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানের সভাপতিত্বে এবং সাহিত্য ও গবেষণা সম্পাদক ছড়াকার কামরুল আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে কবি-সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৌদি দূতাবাস, ঢাকার দ্বায়ী সাঈদ বিন নুরুজ্জামান মাদানী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর জীবন, আদর্শ, চরিত্র ও মানবিক মূল্যবোধ মানুষের সামনে তুলে ধরতে সাহিত্য ও কবিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, সাহিত্যের অন্যতম শক্তি মানুষের হৃদয়কে স্পর্শ করা। রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা, তাঁর মহান চরিত্র ও আদর্শ কবিতা ও সাহিত্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তবে এ ক্ষেত্রে তথ্যনির্ভরতা, শুদ্ধ আকিদা ও ইসলামী মূল্যবোধের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কবি-সাহিত্যিকরা রাসুলুল্লাহ (সা.)-এর শানে বিভিন্ন কবিতা পাঠ করেন। কবিতায় মহানবী (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর অনুপম চরিত্র, মানবতার প্রতি মমত্ববোধ এবং বিশ্বমানবতার জন্য রেখে যাওয়া মহান আদর্শ ফুটে ওঠে। কবিতা পাঠের সময় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সীরাত উদযাপন উপকমিটির সদস্য-সচিব ও কেমুসাসের কোষাধ্যক্ষ জাহেদুর রহমান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক লুৎফুর রহমান তোফায়েল।
আলোচনা পর্বে বক্তব্য দেন কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, কবি বাছিত ইবনে হাবীব, আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কেমুসাসের কার্যকরী পরিষদের সদস্য মুহাম্মদ ফয়জুল হক ও সৈয়দ মোহাম্মদ তাহের।
বক্তারা বলেন, বাংলা সাহিত্যে রাসুলপ্রেমের যে সমৃদ্ধ ধারা গড়ে উঠেছে, তা আরও শক্তিশালী করতে কবি-সাহিত্যিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে ইসলামী সাহিত্যচর্চার মাধ্যমে নৈতিকতা, মানবিকতা ও সৌন্দর্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন সাজিদ নওফেল, দ্বিতীয় হন রিজাউল হক এবং তৃতীয় স্থান অর্জন করেন আমিনা শহীদ চৌধুরী মান্না। বিশেষ পুরস্কার পান ফজলুর রহমান ও আব্দুল্লাহ আল মাসুদ। বিজ্ঞপ্তি





