বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় মদসহ বাংলাদেশি আটক
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৬:৩৬:৫৬ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ৯ বোতল ভারতীয় মদসহ মো. বাচ্চু মিয়া (৪০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীন চিনাকান্দি বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, আটক বাচ্চু মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার গামাইরতলা গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করে ৯ বোতল ভারতীয় মদ নিয়ে বাংলাদেশে ফেরার সময় সীমান্ত পিলার ১২১০/২-এস থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে চিনাকান্দি এলাকায় বিজিবির হাতে আটক হন।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মদের সিজার মূল্য ১৩ হাজার ৫০০ টাকা। আটক ব্যক্তিকে উদ্ধার করা মদসহ বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।





