সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ৫৩০
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৬, ৮:৫৪:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে ডেঙ্গুর সংক্রমণ আবারও বাড়ছে। একদিন বিরতির পর গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ১২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩০ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন।
শনিবার (১০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৭ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, হবিগঞ্জ সদর হাসপাতালে ৮, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৫৩০ জনের মধ্যে হবিগঞ্জে ২২১, সুনামগঞ্জে ১২১, সিলেটে ১১১ এবং মৌলভীবাজারে ৫৭ জন রয়েছেন। এ ছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ২০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার একজন করে রয়েছেন।






