এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৬, ৮:৫৭:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘন্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরানে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, কিশোরগ্যাংয়ের সদস্য এবং মেট্রো অধ্যাদেশ আইনে গ্রেফতার আসামি রয়েছেন।
এদিকে, মহানগর ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৩৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৩১টি যানবাহন আটক করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






