১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬, ৭:৫৭:০৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: অর্থনৈতিক ধীরগতি ও জ্বালানি সংকটের মধ্যে বিশ্ব ব্যাংকের কাছে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ চাওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগতে পারে।
থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংক গ্রুপের বার্ষিক সভার দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
বিশ্ব ব্যাংকের কাছে নিয়মিত ঋণের বাইরে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি প্রাথমিক আলোচনা। এর ভিত্তিতে পরবর্তী সময়ে আলোচনা ও কার্যক্রম চলবে। এখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে—এমন প্রত্যাশা করা ঠিক হবে না।
বার্ষিক সভার এক ফাঁকে বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা অনশুলা কান্তের সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। অর্থমন্ত্রী জানান, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে সম্মত হয়েছে বিশ্ব ব্যাংক। সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গেও সংস্থাটির পরিকল্পনার সামঞ্জস্য রয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে আইএমএফের অক্টোবর ২০২৬-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে। একই সময়ে গড় মূল্যস্ফীতি ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস নিয়ে বিতর্কে যেতে চায় না। নিজেদের বাজেট ও নির্বাচনি ইশতেহারে নির্ধারিত লক্ষ্য পূরণে সরকার কাজ করছে এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চলতি অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে।





