জুড়ীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, সাবেক ভাইস চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৬, ৬:১৭:৫০ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় শামীম মোল্লা নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) এসএম জামিল হাসান অনিক বাদী হয়ে মামলাটি করেন। পরে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি শামীম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর ভোরে জুড়ী উপজেলা চত্বর এলাকায় কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগের ব্যানারে ৫০ থেকে ৬০ জনের একটি দল ঝটিকা বিক্ষোভ মিছিল করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ।
মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আহমদ ওরফে জুয়েল রানাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, মিছিলের আগের দিন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা কিশোর রায় চৌধুরী মনির বাসভবনে মিছিলের পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশ তথ্য পেয়েছে। তাঁর নির্দেশনায় মিছিলটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। মিছিলের কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তার শামীম মোল্লাকেও শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





