গোলাপগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বাশিসের সভা
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৬, ৮:৫৬:৪৯ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জে মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হকের ওপর হামলার প্রতিবাদে জরুরি মতবিনিময় সভা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও মহানগর কমিটি এবং বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গোলাপগঞ্জ শাখা।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষক নেতারা। তাঁরা ঘটনার পেছনের কারণ ও সম্ভাব্য ষড়যন্ত্র সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সভায় শিক্ষক নেতারা বলেন, প্রধান শিক্ষক এনামুল হকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং সমগ্র শিক্ষক সমাজের সম্মান ও মর্যাদার ওপর আঘাত। এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে শিক্ষক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। একই সঙ্গে প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান তাঁরা।
বাশিস সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আহমদ আলীর সভাপতিত্বে এবং সচিব অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি এ এইচ এম ইসরাইল আলী, কানাইঘাট শাখার সভাপতি ফজলুর রহমান, বিয়ানীবাজার শাখার সভাপতি খালেদ আহমদ, সিলেট মহানগর সভাপতি জামাল আহমদ, কোষাধ্যক্ষ আবুল কালাম, গোলাপগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জিন্নুর আহমদ, সহসভাপতি মো. মহিউদ্দিন জাকারিয়া, জাফর আহমদ ফয়সল চৌধুরী, অসীম কুমার পাল ও মো. মুক্তার হোসেনসহ অন্যান্য শিক্ষক নেতারা। বিজ্ঞপ্তি






