অজ্ঞাত মরদেহের পরিচয় জানতে চায় পুলিশ
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৬, ৮:৫৫:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর শাহজালাল (র.) মাজারের পাশের সড়ক থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে মাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহ করে কাজ করছে সিআইডি ও পিবিআই।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে স্থানীয় লোকজনের খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রোববার (১৮ অক্টোবর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআই কাজ করছে।






