নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতে মাঠে সিউক
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৬, ৯:০৭:৫০ অপরাহ্ন

নগরের ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করা এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাঠপর্যায়ে পরিদর্শন শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। রোববার দুপুরে নগরের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন বহুতল ও সাধারণ ভবন পরিদর্শন করেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে ভবনগুলো অনুমোদিত নকশা ও নির্মাণবিধি মেনে তৈরি হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করা হয়। একই সঙ্গে ভবন নির্মাণের অনুমোদন এবং নির্মাণকাজ শেষে ব্যবহারের উপযোগিতা-সংক্রান্ত অনুমোদনপত্র (অকুপেন্সি সার্টিফিকেট) গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সিউকের পরিদর্শন দল নগরের পাঁচটি স্থানে সরেজমিনে পরিদর্শন করে। স্থানগুলো হলোÑহাওয়াপাড়ার মসজিদসংলগ্ন এলাকায় গ্রাউন্ড ফ্লোরের নির্মাণকাজ চলমান রয়েছে। হাওয়াপাড়ার শহীদ মিনার এলাকায় চলছে পাইলিংয়ের কাজ। শিবগঞ্জের সাইফা সামিট এলাকায় একটি সাততলা ভবনের গ্রেড বিমের কাজ চলছে। সুবিদবাজারের প্ল্যাটিনাম অ্যাপার্টমেন্টে একটি ১৫ তলা ভবনের বেজমেন্টের কাজ চলছে। এ ছাড়া পাঠানটুলায় পয়েন্ট রোড থেকে রাগীব আলী হাসপাতালগামী ২ নম্বর সড়কে একটি তিনতলা ভবনের বেজ নির্মাণের কাজ চলমান রয়েছে।
পরিদর্শন শেষে সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানান, সিলেট সিটি করপোরেশন বা সিউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণকাজ হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এ তদারকি শুরু হয়েছে।
তিনি বলেন, অনেকে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণকাজ করছেন, যা আইনসম্মত নয়। এগুলো দ্রুততম সময়ের মধ্যে সংশোধনের জন্য সবাইকে সতর্ক করা ও পরামর্শ দেওয়া হয়। আমরা চাই, ভবনমালিক ও সুপারভাইজাররা সমন্বয়ের মাধ্যমে আইন মেনে কাজ করুন। শহরকে একটি পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদসহ অন্যান্য কর্মকর্তারা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে সিলেট শহরের সব নির্মাণাধীন ভবনে এ পরিদর্শন কার্যক্রম চালানো হবে। এদিকে নিয়ম মেনে ভবন নির্মাণে সিউকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ নগরবাসী ও ভবনমালিকরা। বিজ্ঞপ্তি





