নগরে বিপুল নকল সিগারেট ধ্বংস
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৬, ৮:৫৮:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার শলাকা নকল সিগারেট জব্দ করেছে জেলা প্রশাসন। পরে জব্দ করা সিগারেটগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩ লাখ টাকা।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিগারেটগুলো ধ্বংস করা হয়। গত সাত দিনে নগরের বন্দরবাজার, হকার্স মার্কেট ও শাহপরান এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে নকল সিগারেট বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বেনসন, গোল্ডলিফ, মন্সটার, পুষ্পা, ডার্বি, পার্টনার ও প্রাইম গোল্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া নকল সিগারেট জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, নকল সিগারেটের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, নতুন বিধান অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুদের পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ। এবিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। একই অপরাধ পুনরায় করলে জরিমানার পরিমাণ ধাপে ধাপে বাড়বে।






