নবীগঞ্জে গৃহবধূকে মারধরের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৬, ৬:১৬:৩৯ অপরাহ্ন

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে মাছ দেওয়া ও গরুর বেড়ায় ধাক্কা লাগাকে কেন্দ্র করে চার দেবর মিলে এক গৃহবধূকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ২১ অক্টোবর রাতে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রঘু দাউদপুর গ্রামের মো. শফিকুন্নুর মিয়ার স্ত্রী ও পাঁচ সন্তানের জননী ইয়াছমিন বেগম তাঁর স্বামীর ছোট ভাইদের (দেবর) সাথে একই বাড়িতে বসবাস করেন। গত ২১ অক্টোবর বিকেল আনুমানিক ৫টার দিকে ইয়াছমিন বেগমের স্বামী নদী বা খাল থেকে মাছ ধরে আনলে তার কিছু অংশ শাশুড়ি আছমা বেগমকে দেওয়া হয়। কিন্তু ননদ সুরমা বেগম সেই মাছ গ্রহণ না করে ফেরত দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে একটি গরু বাঁধন ছিঁড়ে গিয়ে দেবর আলীনূরের বসতঘরের বেড়ায় গুঁতা দিলে বিবাদীরা গালিগালাজ করতে করতে ইয়াছমিন বেগমের বসতবাড়ির উঠানে এসে অতর্কিত হামলা চালায়।
অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদী শাহ শাহিনুর নূর বাদী ইয়াছমিন বেগমকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন এবং পরনের কাপড় টেনে ছিঁড়ে ফেলে লাঞ্ছিত করেন। অন্য বিবাদী শাহ আলীনূর লাঠি হাতে নিয়ে গালিগালাজ করেন। এছাড়া বিবাদী শাহ খলিকুন নূর ও শাহ নূরসহ অন্য দেবররা ভুক্তভোগী ও তাঁর স্বামীকে গালাগাল করে এবং দেশীয় অস্ত্র নিয়ে হত্যার হুমকি দেয়।
ভুক্তভোগী ইয়াছমিন বেগম অভিযোগ করে বলেন, ‘তারা স্থানীয় কোনো আইন-কানুন বা সালিশ মানে না। এর আগেও বিভিন্ন সময় আমাদের মারধর করেছে। গ্রামের মুরব্বিদের মধ্যস্থতায় মীমাংসা হওয়ার পরও তারা আবার অত্যাচার শুরু করেছে। এখন এই ঘটনা নিয়ে থানায় মামলা করায় বসতঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ ঘটনার অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত মো. সাজন মিয়ার চার ছেলে শাহ খলিকুন নূর (২৪), শাহ শাহিনুর (২২), শাহ আলীনূর (২১) ও শাহ শাহনূর (২০)। এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ হাতে পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






