ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৯:০৬:১২ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : জীবিকার তাগিদে প্রায় ছয় বছর আগে ওমানে গিয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খলিলুর রহমান রিফাত (২৭)। মাসকাটের একটি রেস্তোরাঁয় কাজ করতেন তিনি। ১৮ দিন আগে মায়ের সঙ্গে শেষবার কথা বলার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ। কোনো খোঁজ না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।
রিফাত চুনারুঘাটের কালিশীরি গ্রামের আজিজুল হকের দ্বিতীয় সন্তান। স্বজনেরা ওমানে তাঁর সহকর্মী ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও সন্ধান পাননি। ছেলের খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন মা সাফিয়া আক্তার। তিনি ছেলেকে খুঁজে পেতে সরকার ও প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন।
পরিবারের পক্ষ থেকে ওমানে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও চুনারুঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
ওমানে অবস্থানরত কোনো প্রবাসী খলিলুর রহমান রিফাতের সন্ধান পেয়ে থাকলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানলে ০১৯২৮২৯০৫৫৪ নম্বরে হোয়াটসঅ্যাপে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। রিফাতকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।






