জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৯:০৯:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জৈন্তাপুর থানার হরিপুরে পুলিশ চেকপোস্টে ‘ঢাকা এক্সপ্রেস, ঢাকা মেট্রো-ব-১৫-৭০০৮’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন রঙ ও কোম্পানির ২০টি মাঝারি আকারের ভারতীয় কম্বল, ১০ হাজার ১২৮ প্যাকেট ওরিও বিস্কুট, পেপার বোট সুইং কোকোনাট ওয়াটার ড্রিংকের ১ হাজার ৩৬০ বোতল, আমুল কুল কেশর ফ্লেভারের ৭০০ বোতল, কাভেরি মেহেদি কোনের ৯৫ প্যাকেট, সোন পাপড়ি এলাচির ২০৪ প্যাকেট, ক্লিনিক প্লাস হেলথ শ্যাম্পুর ২১০ বোতল এবং ২ হাজার ১৫০ পিস সাফারি চকলেট।
এঘটনায় আটককৃতরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার গাওকুড়া গ্রামের মো. জুয়েল আহম্মেদ (৩১), ঢাকার পল্লবী এলাকার মো. এনামুল হক (৪২) এবং শেরপুরের শেরপুর উপজেলার বালুরঘাট হেরুয়া এলাকার মো. ইমরান হোসাইন (২৬)।
এর সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।






