জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৯:১১:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে জালালাবাদ থানাধীন শিবেরবাজারের মধুবন নামের একটি দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম আলী আহমদ আল-মামুন (২৫)। তিনি সিলেটের জালালাবাদ থানাধীন দখড়ী গ্রামের কালা মিয়ার ছেলে এবং ২ নম্বর হাটখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট সকালে জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট থেকে তেলিবাজার বাইপাস সড়কের অনন্তপুর এলাকায় ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা বিক্ষোভ মিছিল বের করেন। এঘটনায় দায়ের করা জালালাবাদ থানার মামলায় আলী আহমদ এজাহারনামীয় আসামি। এছাড়া জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা আরেকটি মামলাতেও তিনি এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে প্রেরণ করা হয়েছে।






